বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নাহিদ হাসান নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা দিয়ে গোপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে নিহতের স্বজনরা হাজির করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটসংলগ্ন বালুচর খুঁড়ে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রাম এলাকার মোস্তাকের ছেলে। সে বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ হত্যাকাণ্ডের শিকার হয় বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নেয় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মরদেহ গুমের উদ্দেশ্যে বালুচরে চাপা দিয়ে পালিয়ে যায়।
নিহতের বাবা মোস্তাক বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ফুটবল সমর্থকদের বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।