বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
আবুল হাশেম ফকির, দোহার থেকে : শিক্ষার উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি মোস্তাক মিয়া শাহা। তিনি কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। এই অনুদানের মাধ্যমে তিনি বিদ্যালয়ের আজীবন দাতা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
জানা গেছে, মোস্তাক মিয়া শাহা একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও ক্রীড়ামোদী ব্যক্তি। শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
বুধবার ১ জুলাই তিনি কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এগিয়ে এসে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের তহবিলে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন, যা স্থানীয় শিক্ষাঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অনুদানের চেক গ্রহণ করেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক শিকদার, সাবেক প্রধান শিক্ষক ফারুক-ই- আজম, এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম মাহমুদ, সাধারণ শিক্ষক সদস্য আবু মুহাম্মদ হুমায়ুন কবির, অভিভাবক সদস্য মো. জোবায়ের হোসেন, সাংবাদিক শামীম আরমান, আবুল হাশেম ফকিরসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মোস্তাক মিয়া শাহার এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, তার মতো শিক্ষানুরাগী ও সমাজসেবীদের সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে একইভাবে অবদান রেখে যাবেন।