বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

আদাবরে বিশ্বকাপ খেলা নিয়ে হাতাহাতি, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ঢামেক প্রতিনিধি:: রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে আবুল বাশার (৩৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোহাম্মাদ সাদ্দাম হোসেন (৩৫) নামে একজন গুরতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাদের ওপর হামলা হয়। মধ্যরাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) মারা যান আবুল বাশার।

নিহত আবুল বাশারের ভাই সবুজ মিয়া বলেন, বাদশা আদাবর নবোদয় হাউজিংয়ের ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মোহাম্মদ সদ্দাম হোসেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সভাপতির দায়িত্বে আছেন।

তিনি বলেন, রাতে নবোদয় হাউজিংয়ে ব্রাজিলের সমর্থকদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে সালিশ বৈঠক চলাকালীন আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন আমার ভাই আবুল বাশার ও সাদ্দামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। তারা দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাদের উদ্ধার করে প্রথমে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ভাই আবুল বাশার চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান।

তিনি বলেন, আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পূর্ব দরিল্লা গ্রাম। আবুল বাশার বর্তমানে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ১৮ নম্বর বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, আদাবর থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আবুল বাশার নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় সাদ্দাম হোসেন নামে একজন চিকিৎসাধীন। আবুল বাশারের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com