শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
শুক্রবার ১ মে ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাশেদুল ইসলাম আপেল (৩০) এবং তার স্ত্রী কহিনুর বেগম (২৬)। তারা স্বামী-স্ত্রী।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেন। পরে বিকেলে আদালতে হাজির করা হলে তারা বিচারকের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন আসামিদের সমবয়সী একটি শিশু সন্তান আয়শার সঙ্গে খেলাধুলার সময় তাকে গুরুতর আঘাত করে। বিষয়টি ধামাচাপা দিতে গিয়ে আসামিরা শিশু আয়শার মুখ চেপে ধরে একটি ড্রামের মধ্যে আটকে রাখে। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে। পরবর্তীতে তারা মরদেহ বাইরে ফেলে দেয়।
উল্লেখ্য, নিহত আয়শা সিদ্দিকা (২) ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। প্রায় ১২ দিন আগে তার রহস্যজনক মৃত্যু ঘটে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘ তদন্ত শেষে অবশেষে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে পুলিশ।
চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমারের নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ বাহিনী প্রশংসিত হচ্ছে।