শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, দোহার ঃ
ঢাকার দোহার উপজেলায় ডিএন মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় রেনু বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার ( ১ মে ) উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে অবস্থিত ডিএন মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারী ক্লিনিকে এ ঘটনা ঘটে। এসময় রোগীর স্বজন ও বিক্ষুদ্ধ জনতা ক্লিনিকে হামলা করে ভাংচুর করেছে।
নিহত রেনু বেগমের ছেলে মো. সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন, বৃহষ্পতিবার ৩০ এপ্রিল রাতে আমার মাকে পিত্তথলির অপারেশনের জন্য ভর্তি করাই। আজ (শুক্রবার) সকালে অপারেশনের সময় ভুল চিকিৎসায় আমার মাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
খোঁজ নিয়ে জানা যায়, অপারেশনের দায়িত্বে ছিলেন আশরাফুল ইসলাম নামে এক চিকিৎসক। রোগী অজ্ঞান করেন আজাদ হোসেন। ঘটনার পর পরই তারা ক্লিনিক ত্যাগ করে পালিয়ে যায়।তাই তাঁদের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ক্লিনিক মালিকপক্ষের কেউ সাংবাদিকদের সাথে প্রথমে কথা বলতে রাজি হয়নি। পরে তৈয়ব আকন নামের একজন অংশীদার বলেন, এটা নিছক একটি দুঘর্টনা। ইচ্ছাকৃত নয়। ক্লিনিকে আসেন বসে কথা বলি। নিহত রেনু বেগমের মৃত্যুতে বিক্ষুব্ধজনতা ক্লিনিকে এসে ভাংচুর করে। খবর পেয়ে দোহার থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে পরর্বতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।