সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

৩০০ কোটি নিয়ে শীর্ষে সালমান

বিনোদন ডেস্ক::

টানা তৃতীয় বছরের মতো ভারতের সর্বোচ্চ আয়কারী তারকা হলেন সালমান খান। ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির তারকাদের আয় বিশ্লেষণ করে এই তালিকা করেছে ফোর্বস ইন্ডিয়া। তাদের ‘ইন্ডিয়া সেলেব ১০০’ তালিকায় ২৫৩ কোটি ২৫ লাখ রুপি [প্রায় ৩০০ কোটি টাকা] আয় নিয়ে শীর্ষে আছেন ‘ভাইজান’। অভিনেতার ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ গেল বড়দিনে মুক্তির পর ৫০০ কোটির মতো ব্যবসা করেছে। এ বছর ঈদে মুক্তি পাওয়া আরেক ছবি ‘রেস ৩’ সমালোচকদের পছন্দ না হলেও বক্স অফিস মাত করেছে। মূলত এ দুই ছবির সাফল্যই অভিনেতাকে ফের তালিকার শীর্ষে থাকতে সাহায্য করেছে। এ ছাড়া ‘দশ কা দম’, ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় রিয়ালিটি শো উপস্থাপনা করেছেন তিনি। এখান থেকেও এসেছে অর্থ। সঙ্গে যোগ হয়েছে বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থও।

‘ইন্ডিয়া সেলেব ১০০’ তালিকার সেরা দশের সাতজনই অভিনেতা। আছেন তিন ক্রিকেটার—বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও শচীন টেণ্ডুলকার। সবচেয়ে এগিয়ে থাকা কোহলির অবস্থান দুইয়ে।

কয়েক বছর ধরেই বক্স অফিসে দারুণ ধারাবাহিক অক্ষয় কুমার আছেন তিনে। এ বছর ‘প্যাডম্যান’, ‘গোল্ড’, ‘২.০’র মতো ছবি করা অভিনেতার আয় ১৮৫ কোটি রুপি [প্রায় ২০০ কোটি টাকা]। গেল বছর তালিকার একমাত্র অভিনেত্রী হিসেবে সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ‘পদ্মাবৎ’ আর বিজ্ঞাপনের কল্যাণে এবারও তিনি আছেন চারে। সেরা দশে থাকা অন্য চার তারকা হলেন আমির খান, অমিতাভ বচ্চন, রণবীর সিং ও অজয় দেবগণ। তবে সবচেয়ে আশ্চর্য শাহরুখ খানের সেরা দশে না থাকা। এ বছর এখন পর্যন্ত তাঁর কোনো ছবি মুক্তি পায়নি। ফলে শুধু বিজ্ঞাপনের আয় দিয়ে স্বভাবতই অন্যদের সঙ্গে পেরে ওঠেননি। তাই গেল বছর তিনে থাকা অভিনেতা চলে গেছেন ১৩তম স্থানে। একইভাবে ২০১৭ সালের তালিকায় সাতে থাকা প্রিয়াঙ্কার জায়গা হয়েছে ৪৯-এ!

এই তালিকার আরেকটি উল্লেখযোগ্য দিক দক্ষিণী তারকাদের উত্থান। গেল বছর ১০০ জনের মধ্যে দক্ষিণী তারকার সংখ্যা মাত্র ১৩ হলেও এবার সংখ্যাটা ১৭, যার মধ্যে একমাত্র নারী নয়নতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com