শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

১ জানুয়ারি ৪ কোটি ৩০ লাখ শিক্ষার্থীর হাতে উঠবে নতুন বই

নিজস্ব প্রতিবেদক::

গত ১০ বছর ধরে নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই দিয়ে আসছে সরকার। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি এবং দাখিলের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

২০২০ সালের ১ জানুয়ারি নতুন বই পাবে শিক্ষার্থীরা। ইতি মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে বই পৌঁছে গেছে। ২০২০ সালের ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর মাধ্যমে সারাদেশে প্রায় ৪ কোটি ৩০ লাখ শিক্ষার্থীর হাতে নতুন ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪ কপি পাঠ্যবই বিতরণ করা হবে।

১ জানুয়ারি সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধন করবেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাভারের অধন চন্দ্র উচ্চবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন।

শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বলেন, ৬৪ জেলার প্রতিটি বিদ্যালয়ে নতুন বই পৌঁছে গেছে। ১ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

এবার পাঠ্যবই ছাপাতে সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় ১১শ কোটি টাকা। এরমধ্যে প্রাথমিক স্তরের বই ছাপাতে ব্যয় হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা এবং মাধ্যমিক স্তরসহ অন্য বই ছাপাতে ব্যয় হচ্ছে প্রায় ৭৫০ কোটি টাকা।

মুদ্রণ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে গত বছর বই ছাপতে সরকারের প্রায় ১০০ কোটি টাকা বেশি ব্যয় হয়েছিল। এবার সিন্ডিকেট কিছুটা ভেঙে দেওয়ায় সরকারের প্রায় শত কোটি টাকা সাশ্রয় হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com