শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি, নিউজ ডেস্ক ॥
সরকারের গঠনমূলক সমালোচনা ও ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে প্রয়োজনে সহযোগিতা করা বিরোধী দলের প্রধান দায়িত্ব হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিরোধী দলের কাজ শুধু বিরোধিতা করা নয়, বরং সরকারের ভালো কাজের সমর্থন ও ভুল সংশোধনে সহায়তা করা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং গুম-খুনের শিকার পরিবারের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই সনদ ও সংসদীয় কার্যক্রম
সম্প্রতি আলোচিত ‘জুলাই সনদ’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাঠের মাধ্যমে শপথ নেওয়ার বিষয়টি আগে থেকে আলোচনায় ছিল না। তবে এই নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা জটিল কিছু নয়। সংসদে প্রথম দিন এটি ঘোষণা করা হয় এবং দ্বিতীয় দিন বিস্তারিত আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়। এরপর সংবিধান মেনে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে এর কার্যকারিতা শুরু হয়েছে।”

উন্নয়ন ও ধৈর্য ধারণের আহ্বান
দেশের পানিসম্পদ ও কৃষি খাতের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী এ্যানি জানান, বর্তমানে সারাদেশে খাল খনন কার্যক্রম পুরোদমে চলছে। তিনি বলেন, “ইতোমধ্যে ১৮০ দিনের খাল খনন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা হলো আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন করা।”

সরকারের মেয়াদের স্বল্প সময়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা মাত্র এক মাস অতিবাহিত করেছি। উন্নয়নের সুফল পেতে সরকারি দল ও বিরোধী দল- উভয়কেই ধৈর্য ধরতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com