বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন ইজিবাইক যাত্রী।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। এসময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয়রা। এতে মহাসড়কের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

নিহত ইজিবাইক চালকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। আহতরা হলেন- বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০), বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে পঞ্চগড় থেকে কয়েকজন যাত্রী নিয়ে ইজিবাইক চালক শহিদুল ইসলাম বোদা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক সহ অপর তিনজন যাত্রীরা।
এসময় ট্রাকটি পিছিয়ে আবারো ইজিবাইক চালক শহিদুলের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পরে আহতদের স্থানীয়দের সহযোগিতায় আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে সুরতহাল করেন।
এদিকে, ইজিবাইক চালক শহিদুলকে চাপা দিয়ে ঘাতক তেলবাহী ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। এরপর পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় তেলবাহী ট্রাকটি রেখে চালক ও সহকারী পালিয়ে যান। পরে বোদা হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রাক জব্দ করেছে বোদা হাইওয়ে পুলিশ। সড়ক অবরোধ পরিস্থিতিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com