বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
বগুড়া প্রতিনিধি:: বগুড়ার শেরপুরে চাকা মেরামতের সময় কাঠের জ্যাক সরে গিয়ে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঠবোঝাই মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে মহাসড়কের ওপরই কাঠের জ্যাক দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামতের কাজ করছিলেন চালক, হেলপার ও মেকানিক। একপর্যায়ে হঠাৎ জ্যাকটি সরে গেলে কাঠবোঝাই ট্রাকের নিচে তিনজন চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।