শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে জমি ও পারিবারিক কলহের জেরে ১৪ দিনের ব্যবধানে একই গ্রামে দুটি হত্যার ঘটনা ঘটে। বৃহষ্পতিবার বিকেলে শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
জানা গেছে, গত ১মার্চ নয়াবাড়ী ইউনিয়নের আন্তাবাহ্রা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী নুর মোহাম্মদ (৬২)কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দোহার থানায় মামলা হলে পুলিশ আজ দুপুরে আসামী রিয়াজুল হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়া একই বাদশা বাবুর্চির মেয়ে মলি আক্তারকে গত শনিবার রাতে প্রকৃতির ডাকে বের হলে কে বা কারা কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায়ও মলির বাবা বাদশা বাদী হয়ে মামলা করেছে।
শোকাহত দুই পরিবারে পরিদর্শন শেষে সংসদ সদস্য আশফাক বলেন, কোনো সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর দোহার নবাবগঞ্জে ঠায় হবে না। সে যত বড় শক্তিধর হোক না কেন। তিনি দুই পরিবারকে সান্ত্বনা দিয়ে তাৎক্ষনিক দোহার থানার ওসিকে ফোন করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
এসময় এমপিকে কাছে পেয়ে নুর মোহাম্মদের স্ত্রী ও মলির বাবা কান্নায় ভেঙ্গে পড়েন। খন্দকার আশফাক তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
ঈদ সামগ্রী বিতরণ: নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ধোয়াইর জয়নালের মোড়ে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। আইনজীবী মো. জহিরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রবাসী এ সংগঠনের উদ্যোগে ৮শত পরিবারের মাঝে ৫/৭ ধরনের খাবার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় চাল ডাল তেল চিনি সেমাই ও তাজা একটি করে মুরগী দেয়া হয়। ওই ইউনিয়নের প্রবাসীরা মিলে অর্থ সংগ্রহ করে দারিদ্র মানুষের মাঝে এ সহায়তায় এগিয়ে আসে।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা বানী মোল্লা, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহসভাপতি আবুল হাশেম বেপারী, মনির হোসেন রানা, হায়দার আলী হিরু, প্রবাসী আবদুল আউয়াল, স্থানীয় সমাজসেবক আবদুল ওয়াহাব মাস্টার প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার আশফাক উপস্থিত নারী পুরুষের মাঝে এ সামগ্রী তুলে দেন।