সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
একুশের কণ্ঠ প্রতিবেদন:: রাজধানীতে আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে। পিংক রঙের এ সব বাসে শুধু নারীরা যাতায়াত করবেন। গাড়ির চালক ও সহকারী থাকবেন নারী। রাজধানীর নির্ধারিত রুটে এ সব বাস চলাচল করবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীদের জন্য রাজধানীতে বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তারা আরও জানায়, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।