শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

১৬ নভেম্বর শ্রম আদালতে হাজিরা দেবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শ্রম আদালতে হাজিরা দেবেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নিচ্ছেন না ড. ইউনূস।

এর আগে গত ৯ নভেম্বর শ্রম আদালতে হাজির হন ড. ইউনূসসহ ৪ আসামি গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।

এ সময় ৩৪২ ধারায় ড. ইউনূসসহ ৪ আসামির আত্মপক্ষ সমর্থনের জবানবন্দিতে বলা হয়, শ্রম আইনের ২৩৪ ধারার বিধান লঙ্ঘিত হলে ২৩৬ ধারায় সরকার অনেকগুলো প্রতিকারের বিধান রেখেছে। শ্রম আইনের ২৩৬ ধারার উপরোক্ত বিষয়গুলো উল্লেখ না করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিবাদী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে পারে না। এটি সম্পূর্ণ আইনের লঙ্ঘন ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনোভাবেই ফৌজদারি অপরাধ না।

দেশের উন্নয়নে ড. ইউনূসের ভূমিকা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান দেখান যিনি দেশের জন্য এত কাজ করেছেন। এতগুলো বিদেশি ব্র্যান্ড কোম্পানিকে যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে এনেছেন। এত এত মানব সম্পদ তৈরি করেছেন। আর সবচেয়ে বড় কথা কোনো কিছুই তিনি নিজের কোনো আর্থিক লাভের জন্য করেননি। এ ধরনের অসংখ্য অবদান রাখার পরও এই নিঃস্বার্থ মানুষটিকে মিথ্যা অপরাধে দাঁড়াতে হচ্ছে বিচারের কাঠগড়ায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com