বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। অনেক বছরের সংগ্রাম আর রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার ৫৬ বছরে পদার্পণ করল আজ লাল-সবুজের এই দেশ।
গুগল ডুডলে বাংলাদেশ
বাংলাদেশের এই বিশেষ দিনটিকে সম্মান জানিয়ে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল তৈরি করেছে বিশেষ ‘ডুডল’। আজ গুগলের হোমপেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে নীল আকাশে বাংলাদেশের জাতীয় পতাকা সগৌরবে উড়ছে। ডুডলে ক্লিক করলে গুগল বার্তা দিচ্ছে- ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!’
স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
ভোর থেকেই সারাদেশে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের উদ্যাপন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের স্মরণে বিউগলে বেজে ওঠে করুণ সুর, সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রদান করেন গার্ড অব অনার। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
১৯৭১ সালের আজকের এই দিনেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। সুদীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পার করে বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায়। দিনটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।