শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

সাভার প্রতিনিধি॥
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার পরপরই সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপির শীর্ষ পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে, দিনের সূচনালগ্নে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তারা সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন (গার্ড অব অনার) প্রদান করে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।

দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে তিনি ২৬ মার্চকে জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন এবং স্বাধীনতার সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

বক্তব্যের শেষে তিনি সকল শহীদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com