শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

একুশের কণ্ঠ প্রতিবেদন:: নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে আরও একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর বদল করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছেন।

এর আগে, শুক্রবাত সন্ধ্যায় বঙ্গভবনে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। পরে তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান।

নতুন চার মন্ত্রী হলেন- আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন- টেকনোক্র্যাট হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের ফলে স্থানীয় সরকার মন্ত্রীর পদ শূন্য হয়। সেই দায়িত্ব পেয়েছেন নতুন মন্ত্রী আবদুল মঈন খান।

এর আগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাত এবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। এই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অন্যদিকে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আগে থেকে একই পদে থাকা শামা ওবায়েদ ইসলামও তার দায়িত্বে বহাল থাকবেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন খলিলুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com