বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।। সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর বাস্কেটবল গ্রাউন্ডে বিধি মোতাবেক এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে গুইমারা সেক্টরের অধীনস্থ যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান।

এ সময় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও আরও কঠোর ও কার্যকর অভিযান পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।