বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:০০ অপরাহ্ন

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, ট্রাম্পের নতুন হামলার হুমকি 

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে আগামী রাতেও বোমাবর্ষণ অব্যাহত থাকবে।

আইআরজিসি ঘোষণা করেছে, হরমুজ প্রণালি এখন থেকে সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এ দাবিকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো এখনও প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করছে। আইআরজিসি অবশ্য সেন্টকমের এ বক্তব্য অস্বীকার করেছে।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিল, অবৈধভাবে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজে হামলা চালানো হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ দাবি করেছে, হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌ ইউনিটগুলোর সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, আইআরজিসির প্রতিরোধ ও ভারী গোলাবর্ষণে মার্কিন বাহিনী ‘হতবাক’ হয়ে পড়ে।

তবে সেন্টকম জানিয়েছে, কোনো মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান হুঁশিয়ারি দিয়ে আসছে যে, আইআরজিসির অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। গত মাসে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য নতুন কিছু বিধিনিষেধও জারি করেছিল তেহরান।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ শিগগিরই বন্ধ হবে। ফক্স নিউজের এক প্রতিবেদকের বরাতে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ কর্মকর্তারা সর্বশেষ হামলা বন্ধের অনুরোধ জানিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন।

তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি একটি সমঝোতা স্মারক চূড়ান্ত না হয়, তাহলে আগামী রাতেও বোমাবর্ষণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com