রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরে দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরই মধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে নেতা-কর্মী সড়কে মিছিল করছেন।
এ সময় মিছিলকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ ও ‘শেখ হাসিনা লড়বে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কয়েকজনের হাতে জাতীয় পতাকাও ছিল।
প্রকাশ্যে এমন বিক্ষোভ মিছিলের বিষয়ে আগে থেকে পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
ওসি শাহ আলম বলেন, আজ ভোরে যে মিছিল হয়েছে, তা আমাদের জানা নেই। তারা বিক্ষোভ মিছিল করবে, এমন কোনো তথ্যও আমাদের কাছে আসেনি। আমরা বিষয়টি দেখছি।
তিনি আরও বলেন, মিছিলের স্থানটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী এলাকা। তারা হুটহাট করে মোটরসাইকেলে এসে কয়েক মিনিট মিছিল করে চলে যায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।