রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের ডাসার উপজেলার ডাইআর বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের একদিন পর রোববার সকালে বিলের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ঠাকুর দাস দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী ছিলেন এবং দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তিনি। পরবর্তীতে ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে যান। কাজের একপর্যায়ে তিনি বিলের গভীর পানিতে তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। সারাদিন বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে বিলে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় বাকপ্রতিবন্ধী ঠাকুর দাসের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, “খবর পেয়ে বিল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”