শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজতের

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন কর্মী নিহত এবং শতাধিক কর্মী আহতের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

শনিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় সংগঠনটি। বিক্ষোভে হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম আগামীকাল হেফাজতের ডাকা হরতালে বাধা না দেয়ার আহ্বান জানান। বাধা দিলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হবে।

গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম প্রাঙ্গণে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। হাটহাজারীতে বিক্ষোভ করার সময় গুলিতে চারজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। যাদের নিজেদের কর্মী বলে দাবি করছে হেফাজতে ইসলাম। সংঘর্ষে নিহত হওয়ার প্রতিবাদের শনিবার দেশব্যাপী বিক্ষোভ ও রবিবার হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শনিবার হেফাজতের নেতা-কর্মীরা সকাল থেকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আসতে শুরু করে। মসজিদের বাইরে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন সকাল থেকেই। পুলিশের একটি দল পল্টন মোড়ে রয়েছে। অন্যদিকে র‍্যাব বায়তুল মোকাররম মার্কেটের পাশে অবস্থান নিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘আমরা যেকোনো সংঘর্ষ ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছি বায়তুল মোকাররম এলাকায়। ’বিশৃঙ্খলা ঘটে এমন কর্মসূচি না দেয়ার জন্য ইসলামি দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com