রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার’ শীর্ষক তিনটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের পাশাপাশি আয়োজিত উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণেরও কথা রয়েছে তার। এর মধ্যে সাইডলাইন কর্মসূচির আওতায় আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।

নিউইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও তার একাধিক বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, দুই দিনব্যাপী (০৭-০৮ জুলাই, ২০২৬) অনুষ্ঠেয় এ সম্মেলনে মন্ত্রী আইজিপি মোঃ আলী হোসেন ফকির-সহ ০৫ (পাঁচ) সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনে অংশ নিতে মন্ত্রী আজ রোববার (৫ জুলাই) রাত ০১:৪০ টায় এমিরেটস এয়ারলাইনসের EK-585 ফ্লাইট যোগে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সফর শেষে তিনি আগামী ১২ জুলাই ২০২৬ তারিখে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com