শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবে ইমরানের প্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রার্থীরা আসন্ন পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নেবে। দেশটির সুপ্রিম কোর্টও দলটির নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট না দেয়ার রায় ঘোষণা করার পর শনিবার রাতে এই সিদ্ধান্ত নেয় তারা।

পিটিআইয়ের সদ্য সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান শনিবার রাতে সাংবাদিকদের জানান, ‘পিটিআইয়ের সকল প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবে। আমরা নির্বাচনী প্রতীকসহ আমাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করব।’

পাকিস্তানের মতো দেশে নির্বাচনে প্রতীক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভোটারদের অনেকেই প্রতীক দেখেই ভোট দেয়। নির্বাচনী প্রতীককে ঘিরেই কেন্দ্রীয়ভাবে প্রচারণা চলে। কিন্তু পিটিআই কোনো প্রতীক না পাওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

পাকিস্তানের নির্বাচন কমিশন পিটিআইকে তাদের প্রতীক ব্যাট থেকে বঞ্চিত করে। পরে উর্ধ্বতন আদালতগুলো ওই সিদ্ধান্ত বহাল রাখে। উল্লেখ্য, ইমরান খান কারাবন্দী রয়েছেন।

গোহর আলী খান সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ আদালতের রায়টি ছিল ‘বিতর্কিত’ এবং তারা এতে গভীরভাবে মর্মাহত। তিনি জানান, তার দল সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করবে।

ইমরানের অনুপস্থিতিতে গোহর দলটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। কিন্তু আন্তঃদলীয় নির্বাচন বাতিল হওয়ায় তার ওই পদটিই টেকেনি। তবে তিনি বলেন, পাকিস্তানের বেশির ভাগ লোক এখনো ইমরান খানের দল পিটিআইকে সমর্থন করে।

তিনি বলেন, ‘আমরা ব্যাট পাই আর না পাই, জনগণ আমাদেরই ভোট দেবে।

সূত্র : জিও নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com