শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

স্থায়ী সমাধান চান ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক::

অধিভুক্তি বাতিল নয়,সমস্যা গুলোর স্থায়ী সমাধান চান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। অধিভুক্তির পর থেকেই রেজাল্ট প্রকাশ, পরীক্ষা নেয়া ও গণহারে ফেল করানোর প্রতিবাদে প্রায়ই আন্দোলনে নেমেছেন তারা।পরীক্ষার রুটিনের দাবিতে আন্দোলন করতে এসে পুলিশের টিয়ারশেলের আঘাতে দুই চোখ হারায় তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান।এছাড়াও তিন বিষয়ে ফেল আসায় আত্মহত্যা করেছে বেগম বদরুন্নেসা মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী মিতু।

দফায় দফায় আন্দোলনে ঢাবি প্রশাসন থেকে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ঐতিহ্যবাহী সাত কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু দুঃখের বিষয় শিক্ষার মান উন্নয়নের সম্ভাবনা থাকলেও আমরা সেশনজট, বিলম্বে রেজাল্ট প্রকাশ,প্রশ্নপত্র প্রণয়নসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছি। সমস্যা গুলো সমাধানে জন্য বেশ কয়েকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেও আশ্বাসেই আটকে থাকতে হয়েছে আমাদের।

দাবিগুলো মেনে নিয়ে আড়াই লক্ষাধিক শিক্ষার্থীর পড়াশুনার সুযোগ করে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। তিনি আবারও আমাদের সমস্যা গুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।

দাবি গুলো হলো:

১.অধিভুক্তি বাতিল নয়, সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে হবে।
২.সাত কলেজের সমস্যা সমাধানে একটি স্থায়ী পদ্ধতি অনুসরণ করতে হবে।
৩.আলাদা একটি একাডেমিক ভবন তৈরি করা। যেখান থেকে সাত কলেজের সকল কার্যক্রম পরিচালিত হবে।
৪. প্রশ্নপত্র প্রনয়ন,উত্তরপত্র যাচাই ও রেজাল্ট প্রকাশ সাত কলেজের শিক্ষক দ্বারা পরিচালিত হবে।
৫.পরীক্ষার ৯০ দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা।
৬.প্রতিটি সেশনে ১ বছরের বেশি কালক্ষেপন না করা।
৭.শিক্ষকদের প্রতিটি ক্লাস গুরুত্বের সাথে নিতে হবে।
৮. নির্ভুলভাবে প্রতিটি সেশনের রেজাল্ট প্রকাশ করা। ৯.সাত কলেজের জন্য পর্যাপ্ত শ্রেনীকক্ষ,পরিবহন ও আবাসনের ব্যবস্থা করা।

ঢাকা কলেজর শিক্ষার্থী রাজিব মাহমুদ জানান,আমরা সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য আন্দোলন করিনি, আবার অধিভুক্তি বাতিলের জন্যও আন্দোলনে নামিনি।তীব্র সেশনজট সহ নানা সমস্যায় জর্জরিত সাত কলেজের আড়াই লক্ষাধিক শিক্ষার্থী।আমরা অধিভুক্তি বাতিল নয়,সমস্যা গুলোর স্থায়ী সমাধান চাই।

উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ,ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com