শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সৌরভের বদলে ‘দাদাগিরি’ সঞ্চালনায় অঙ্কুশ

বিনোদন ডেস্ক:: অঙ্কুশ হাজরার তুঙ্গে বৃহস্পতি! ছবির পূজা-মুক্তি। হাতে পর পর নতুন ছবির কাজ। প্রথম সঞ্চালনাতেই মাতিয়ে দিয়েছেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ নাচের অনুষ্ঠান। সে সব ছাপিয়ে এবার তিনি ‘দাদাগিরি’র সঞ্চালক? সৌরভ বঙ্গোপাধ্যায়ের জায়গায়! জি ফাইভ থেকে পোস্ট হওয়া ছোট্ট ভিডিও তেমনই দেখিয়েছে। সেখানে অঙ্কুশকে ‘দাদা’র সংলাপ বলতে শোনা গিয়েছে। এবং অনায়াসে তিনি বলেওছেন। অঙ্কুশকে সঞ্চালনা করতে দেখে চোখ ছানাবড়া অংশগ্রহনকারী পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর।

আচমকাই অভিনেতার পিঠে আলতো ছোঁয়া। হাসিমুখে এসে দাঁড়িয়েছেন সঞ্চালক সৌরভ। তার বক্তব্য, ‘অঙ্কুশ আমার ছোট ভাইয়ের মতোই। ‘দাদাগিরি’কে নতুন মাত্রায় পৌঁছে দেবে আজকে।’ তার পরেই মহারাজের বিনীত প্রশ্ন ‘এফআইআর’ ছবির ‘অভ্রজিৎ’কে, ‘আমি সঞ্চালকের জায়গায় দাঁড়াব? না, প্রতিযোগীদের পোডিয়ামে যাব?’

তখনই ফাঁস সমস্ত রহস্য। অঙ্কুশ জোড়হাতে ‘দাদা’কে বলেছেন, ‘দাদা তুমি অলরাউন্ডার। এবং সেরা সঞ্চালক। যদি কোনো দিন ‘ভাইগিরি’ বলে কোনও অনুষ্ঠান হয়, আমি চেষ্টা করব। ‘দাদাগিরি’ তোমার।’ সৌরভ-অঙ্কুশের কথোপকথন, তাদের রসিকতায় জমে গিয়েছে প্রশ্নোত্তরের অনুষ্ঠান। দুই তারকার কথা শুনে চওড়া হাসি প্রতিযোগী এবং উপস্থিত সবার মুখে। অনুরাগী-দর্শকেরাও ঝলক দেখে বুঝেছেন, এটি আসলে আগামী অনুষ্ঠানের প্রচার ভিডিও। একই সঙ্গে স্বস্তির শ্বাসও ফেলেছেন। মন্তব্য বিভাগে তার ছাপ স্পষ্ট। সবাই এক বাক্যে অঙ্কুশের বলা কথার পুনরাবৃত্তি ঘটিয়েছেন, ‘খাঁটি কথা। ‘দাদাগিরি’ ‘দাদা’রই।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com