শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সৌদিফেরত যাত্রীর কাছে মিলল ২ কোটি টাকার সোনা

স্টাফ রিপোর্টারঃ সৌদিফেরত এক প্রবাসী বাংলাদেশির জ্যাকেটের হাতা থেকে দুই কোটি টাকার সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম।

বুধবার রাতে ওই যাত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার বাড়ি কুমিল্লা।

ঢাকা কাস্টম হাউজের (প্রিভেন্টিভ) ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে ওই যাত্রী রাত ১১টা ১২ মিনিটে দাম্মাম থেকে ঢাকায় আসেন। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস।

তিনি আরও জানান, এক পর্যায়ে যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটটি তল্লাশি করা হয়। জ্যাকেটের হাতা থেকে ২৫টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলো পরিমাপ করে ২ কেজি ৯০০ গ্রাম সোনা পাওয়া যায়। উদ্ধার করা সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করা হবে এবং তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com