শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সেপ্টেম্বরে তৃতীয় বিয়ে করছেন ন্যান্সি

বিনোদন ডেস্ক:: দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। বুধবার এই ঘোষণা দিয়ে এও জানিয়েছিলেন শিগগিরই সুখবর দেবেন।

ন্যান্সির সুখবরের জন্য ভক্তদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি। তৃতীয় বিয়ে করছেন ন্যান্সি। বেশি একটা সময়ও নেবেন না। সামনের মাস বাদেই বিয়ে।

সেপ্টেম্বরে বিয়ে করছেন, পাত্রও ঠিকঠাক। তবে পাত্র সম্পর্কে আগাম কোানো ইঙ্গিত দিতে নারাজ ন্যান্সি।

বুধবার বিকালে একাধিক গণমাধ্যমকে ন্যান্সি বলেন, ‘আগামী সেপ্টেম্বরে আমি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি, তবে পাত্র কে, সেটা এখনই জানাতে চাই না।’

জানালেন, যদি সম্ভব হতো আগস্ট মাসেই বিয়েটা করতেন। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদটি দিতে চান সবাইকে।

বিয়ে নিয়ে আক্ষেপ ও মজার ছলে তিনি আরও বলেন, ‘আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহদি দেওয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব আয়োজন রাখবো কিনা ভাবছি। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং- সবকিছু। আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছন ফিরে তাকাতে চাই না।’

ন্যান্সি জানান, মেহেদী পড়ে, ঢাকডোল পিটিয়েই তৃতীয় বিয়ে করবেন।

এর আগে বুধবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুর ও হয়।’

চলতি বছরের ২ এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি।

নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সী পরবর্তীতে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com