সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সালমান শাহ’র চলচ্চিত্রের নামে আগুনের গান

বিনোদন প্রতিবেদক::

প্রয়াত নায়ক সালমান শাহর ২৫টি চলচ্চিত্রের নাম নিয়ে নতুন গান কণ্ঠে তুললেন তার বন্ধু-সংগীতশিল্পী আগুন।

‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষে মঙ্গলবার গানটির ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেল ‘রোদ্দুর এন্টারটেইনমেন্টে’। ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন সুপারহিরো খ্যাত সাগর। তার বিপরীতে আছেন তিন অভিনেত্রী এসকে তৃষ্ণা, মাসুদা রানি ও রুহি আফরোজ।

হেলাল ইসলামের নির্দেশনায় ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। গানটির পরিকল্পনা করেছে নূর ক্রিয়েশনস।

আগুন বলেন, “আমার আর সালমানের ক্যারিয়ার একসঙ্গে শুরু। আমরা ছিলাম একে অপরের পরিপূরক। নিজস্ব দায়বদ্ধতা থেকেই কাজটি করা। চমৎকার কথা ও সুরের মেলবন্ধনে গানটি তৈরি হয়েছে।”

‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেন নায়ক সালমান শাহ। ওই চলচ্চিত্রেই প্লে-ব্যাকে ক্যারিয়ার হয় কণ্ঠশিল্পী আগুনের।

ব্যক্তি জীবনেও সালমান-আগুন ভালো বন্ধু ছিলেন। পর্দায় সালমান শাহের ঠোঁট মেলানো বেশিরভাগ গানই গেয়েছেন আগুন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com