বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডি থানায় জিডি করেন ওই চিকিৎসক।
জিডিতে উল্লেখ করা হয়, ডা. জামান বিএসএমএমইউয়ে হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রবিবার রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি হন। সাঈদী বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সেখানে সাঈদী মৃত্যুবরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং হত্যার হুমকি দিচ্ছে।
জিডিতে তিনি বলেন, ‘আমি বর্তমানে কতিপয় ব্যক্তির আচরণে ভীত ও শঙ্কিত। কয়েকটি ফেসবুক ও ইউটিউব পেজের ব্যবহারকারী এবং তাদের অনুসারীরা যে কোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতি করতে পারে।
ধানমণ্ডি থানার ডিউটি অফিসার এসআই মোয়াজ্জেম হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।