রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সাইবার ইউনিটে শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ

বিনোদন প্রতিবেদক::

বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, ‘নাই কাজ তো খই ভাজ’। অর্থাৎ হাতে কোনো কাজ না থাকলে খই ভাজা। খই ভাজা খারাপ কিছু নয়। তবে যে অর্থে এই প্রবাদ ব্যাবহৃত হয় সেটা অবশ্যই খারাপ। করোনাভাইরাসের প্রাদুরভাবে দেশের প্রায় সব খাতই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। স্বাভাবিকভাবেই এর প্রভাব শোবিজ অঙ্গনেও পরেছে। রঙিন জগতের মানুষগুলো এখন বেকার সময় কাটাচ্ছে। এই অবস্থায় পুরনো কষ্ট, পাওয়া নাপাওয়ার হিসেব কষতে শুরু করেছেন অনেকে। যেখানে বর্তমান পাওনা প্রাপ্তি নিয়েই শঙ্কায় মানুষ সেখানে পুরনো বিষয় নিয়ে তর্ক-বিতর্ক করে কাটছে তাদের সময়।

নাটকে ‘শ্লীল-অশ্লীলতা’ আর সংগীতে ‘সম্মানী-রয়্যালটি’বিতর্ক নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত সঙ্গীত ও নাট্যাঙ্গন। এবার সেটা এসে পড়েছে চলচ্চিত্রঙ্গনে এবং প্রথমেই অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে। তবে এই অভিযোগ কোনো বিতর্কে থেমে নেই। এটা চলে গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে। কণ্ঠশিল্পী দিলরুবা খান কপিরাইট ইস্যুতে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অভিযোগটি দায়ের করা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারার সূত্র ধরে। বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার ওলোরা আফরিন। তিনি জানান, অনুমতি ছাড়া ২০১৯ সালে মুক্তি পাওয়া শাকিব খানের ‘পাসওয়ার্ড’ সিনেমায় দিলরুবা খানের ‘পাগল মন’ গানের অংশ ব্যবহার করা হয়।

গানটির শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন এই অভিযোগ দায়ের করেন।

ব্যারিস্টার ওলোরা আফরিন জানিয়েছেন, ‘চিত্রনায়ক শাকিব খান তার ‘পাসওয়ার্ড’ সিনেমায় গানটির পিক দুই লাইন অনুমতি ছাড়া ব্যবহার করেছেন। যা কপিরাইট করা ছিল। তিনি গানটি সিনেমায় ব্যবহার করে কপিরাইট আইন ভঙ্গ করেছেন। এজন্য গেল ফেব্রুয়ারিতে তার কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে প্রথমে আইনি নোটিশ দেয়া হয়। এরমধ্যে কয়েকবার শাকিব খানের সাথে বৈঠক হলেও ফলাফল পাওয়া যায়নি। অবশেষে বাধ্য হয়েই, এই অভিযোগ দায়ের করেছি।’

শুধু শাকিব খান নয়, একই অভিযোগ দায়ের করা হয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির বিরুদ্ধেও। কারণ হিসেবে ওলোরা আফরিন জানান, গানটির ডিজিটাল বিপণন করেছে প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমার নায়ক ও প্রযোজক শাকিব খান। এতে ব্যবহার হওয়া ‘পাগল মন’ শিরোনামে ব্যবহৃত গানে কণ্ঠ দেন অশোক সিং।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com