শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তাদের অবসরের তিন বছর পার না হলে নির্বাচনে অযোগ্য: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ অনলাইন:: সরকারি কর্মকর্তাদের অবসরের তিন বছর পার না হলে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না-এ মর্মে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তারা অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবেন না।

সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) জেনারেল মো. শামীম কামালের দায়ের করা রিটের শুনানি নিয়ে গত ১৯ জানুয়ারি অবসরের সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

চলতি বছরের ১৫ জানুয়ারি রিটটি দায়ের করেছিলেন ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) জেনারেল মো. শামীম কামাল।

রুলে প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিব ও লালমনিরহাট জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। গত ৭ নভেম্বর এই রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়।

এই ইস্যুতে অবসরে যাওয়া আরও অনেক সরকারি কর্মকর্তা হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে বিভিন্ন সময়ে আদালত রুল জারি করেন। একসঙ্গে সবগুলো রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ১২ (১) (চ) ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর তিন বছর অতিবাহিত না হয়ে থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com