রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সরকারি অনুদানের সিনেমায় অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক::

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার সরকারি অনুদানের সিনেমায় নাম লেখালেন তিনি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ নামে সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস। গতকাল (১৬ আগস্ট) এই সিনেমায় চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এতে সুবর্ণা চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে৷ এর সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক জেনিফার ফেরদৌস।

অপু বিশ্বাস বলেন, সিনেমাটির কাহিনি অনেক ভালো। এতে আমার চরিত্রটিও অসাধারণ। আমার বিশ্বাস জেনিফার আপুর ‘আশীর্বাদ’ একটি অসাধারণ চলচ্চিত্র হবে। ‘আশীর্বাদ’ সিনেমার জন্য সবার আশীর্বাদ চাই।

অপুর চরিত্র প্রসঙ্গে জেনিফার ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমায় সুবর্ণা চরিত্রে জন্য অপুকেই মানানসই মনে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর নাম সুবর্ণা। মুক্তিযুদ্ধের আগে উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন প্রযোজক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com