বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য ইরাকে পৌঁছেছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে মরদেহবাহী বিমানটি ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমান নাজাফে পৌঁছানোর পর সেখানে রাষ্ট্রীয় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় খামেনির মরদেহ নিয়ে জানাজা অনুষ্ঠিত হবে। এতে লাখো ইরাকি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে বুধবার ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ইরাকে শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে আয়াতুল্লাহ আলি খামেনির ব্যাপক প্রভাব ছিল। দেশটির অনেক শিয়া মুসলমান তাকে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা হিসেবে শ্রদ্ধা করতেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী ইমামতি করেন। একই সঙ্গে খামেনির পরিবারের কয়েকজন সদস্য ও অন্যান্য নিহত ব্যক্তিদের জানাজাও অনুষ্ঠিত হয়।
বুধবার খামেনির মরদেহ প্রথমে নাজাফে ইমাম আলী (রা.)-এর মাজারে এবং পরে কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাস (রা.)-এর মাজারে নেওয়া হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।