রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শাহরুখের সিনেমায় দীপিকা-জনের পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক::

বলিউড সুপারস্টার শাহরুখ খান। দীর্ঘদিন ধরে সিনেমা থেকে বিরতিতে এই অভিনেতা। তবে খুব শিগগির যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে আরো আছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। এতে জনকে খল চরিত্রে দেখা যাবে। এছাড়া দীপিকার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন জন ও দীপিকা।

বলিউডহাঙ্গামা ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান’ সিনেমার জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন জন আব্রাহাম। অন্যদিকে দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি রুপি।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘বর্তমানে আলিয়া ভাটের পাশাপাশি দীপিকাই সবচেয়ে বক্স অফিস হিট অভিনেত্রী। যশরাজ ফিল্মসের কর্মকর্তাদের পাশাপাশি শাহরুখও তাকে সিনেমাটিতে নিতে চাইছিলেন। দীপিকার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু করবেন। ইতোমধ্যে তিনি শিডিউল নির্ধারণ করেছেন। সিনেমাটিতে তার পারিশ্রমিক প্রায় ১৪-১৫ কোটি রুপি।’

‘পাঠান’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি। বর্তমান সময়ে বলিউডের অন্যতম ব্যয়বহুল অ্যাকশন ঘরানার সিনেমা হতে চলেছে এটি। চলতি মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর দীপাবলী উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com