মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শাহরুখের ‘জিরো’য় মুগ্ধ আমির

বিনোদন ডেস্ক::
চলতি বছরের শেষের বড় দুই চমকের মধ্যে একটি বলিউড বাদশাহ শাহরুখ অভিনীত ‘জিরো’। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। তার আগে ২ নভেম্বর কিং খানের জন্মদিনে মুক্তি পাচ্ছে এটির ট্রেলার।

ট্রেলার মুক্তির আগেই শাহরুখকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির আরেক মেগাস্টার আমির খান। ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এ নায়ক জানিয়েছেন, ইতিমধ্যে ‘জিরো’র ট্রেলার তিনি দেখে ফেলেছেন। পাশাপাশি জানিয়েছেন, ট্রেলার দেখে তিনি রীতিমতো মুগ্ধ।

বন্ধু শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে টুইটারে আমির লিখেছেন, ছবিটি দেখার জন্য তার নাকি আর তর সইছে না। ‘জিরো’র ট্রেলারকে তিনি ইংরেজিতে আউটস্টান্ডিং বলে উল্লেখ করেছেন। তাছাড়া শাহরুখের পাশাপাশি আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন ছবির দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকেও।

১ নভেম্বর, বৃহস্পতিবার ‘জিরো’র পোস্টার প্রকাশ করেছেন শাহরুখ খান। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে বলিউড বাদশাহকে দেখা যাবে একজন বামনের চরিত্রে। দুই নায়িকা ক্যাটরিনা ও আনুশকার সঙ্গে এটি তার দ্বিতীয় ছবি। এর আগে ২০১২ সালে ‘জব তক হ্যায় জান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

অন্যদিকে বছরের আরেক চমক আমির খানের ‘ঠগস অফ হিন্দুস্থান’ মুক্তি পাচ্ছে আগামী ৮ নভেম্বর। ১৮৩৯ সালে লেখা ফিলিপ মেডোস টেইলরের উপন্যাস ‘‌কনফেশন অফ আ ঠগ’ অবলম্বনে তৈরি হয়েছে পরিচালক বিজয়কৃষ্ণ আচারিয়ার এই ছবি। যেখানে আমির খান ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com