শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
একুশের কণ্ঠ:: শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আব্বাস আরাঘচি-এর নেতৃত্বে ইরানের একটি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছেছে।
পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, প্রতিনিধিদলকে স্বাগত জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের ইসলামাবাদ সফরের প্রস্তুতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে আসছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, শনিবার ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তার ভাষায়, “ইরানিরা আলোচনা করতে আগ্রহী।” তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সফরে অংশ নিচ্ছেন না বলেও নিশ্চিত করেছেন লেভিট। তিনি জানান, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট যোগ দিতে পারেন।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন হলেও পাকিস্তানকে ঘিরে এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে নতুন কোনো উদ্যোগের ইঙ্গিত দিতে পারে।