রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

‎‎​লালমনিরহাট প্রতিনিধি॥
‎বর্তমান সরকারের সময়ে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে এবং টেকসই অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা যেকোনো অঞ্চলের অর্থনৈতিক মুক্তির মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

‎​শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে লালমনিরহাট-ফুলবাড়ী সড়কের কুলাঘাট ইউনিয়নে ২৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৩০.৮৫ মিটার দীর্ঘ পি.সি গার্ডার রত্নাই সড়ক সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎​যোগাযোগ ও সেতুর গুরুত্ব তুলে ধরে ত্রাণমন্ত্রী আরও বলেন, এই রত্নাই সেতু চালুর ফলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মধ্যকার দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগের চিরতরে অবসান ঘটল। এখন থেকে দুই জেলার মানুষ ও সকল প্রকার ভারী-হালকা যানবাহন লালমনিরহাট-ফুলবাড়ী হয়ে খুব সহজেই নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কুড়িগ্রামে সরাসরি সড়ক পথে চলাচল করতে পারবে। নদী পারাপারের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়ে যাতায়াত এখন হবে আরও নিরাপদ, সাশ্রয়ী ও দ্রুততম। ফলে অত্র অঞ্চলের কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো।

‎​সড়ক বিভাগ, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক ও কুলাঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী।

‎​উল্লেখ্য, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন “জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্প (রংপুর জোন)” এর আওতায় ‘কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড’ এই সেতুর নির্মাণকাজ সফলভাবে বাস্তবায়ন করে।

‎​এর আগে মন্ত্রী কুলাঘাট ইউপি পরিষদে অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com