শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে এক আনসার সদস্য ও কালবেলার এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১ টার দিকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বহিরাগত কয়েকজনকে আগে টিকিট দেওয়াকে কেন্দ্র করে আনসার সদস্যরা আপত্তি জানান। এ নিয়ে দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আওয়াল মেম্বার ও পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজ্জাকের সঙ্গে ওই আনসার সদস্যের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত কালবেলার সাংবাদিক বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। তখন আওয়াল মেম্বার ও রাজ্জাক ওই সাংবাদিকের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তারা সাংবাদিক ও আনসার সদস্যের উপর হামলা করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ওই সাংবাদিক পরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
কালবেলার দোহার প্রতিনিধি তানিম ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে আউয়াল ও রাজ্জাক তাকে কিলঘুষি মারে। এ সময় সে সাংবাদিক বললেও তাকে রক্ষা করেনি। ঘটনার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে শ্রমিকদলের সভাপতি আব্দুল আউয়ালের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। মোবাইল বন্ধ পাওয়া যায়।
দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, এটা করে থাকলে অন্যায় করেছে। এধরনের ঘটনা বিএনপি এলাউ করে না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা শুনেছি। ভুক্তভোগীর অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।