শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

লালমনিরহাটে অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। ‎সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের আর্থ-সামাজিক স্থিতিশীলতা রক্ষায় মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক অবক্ষয় রোধে এক ঐতিহাসিক ডাক দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।

‎শনিবার (৪ জুলাই) বিকেলে এমটি হোসেন ইন্সটিটিউট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ শীর্ষক আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি লালমনিরহাটকে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে মাদক ও অনলাইন জুয়ার মতো মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, তরুণ প্রজন্ম আমাদের জাতির মেরুদণ্ড। কিন্তু সীমান্তবর্তী এই জেলায় মাদকের মরণনেশা এবং নতুন করে ছড়িয়ে পড়া অনলাইন জুয়া ও বেটিংয়ের মহামারি আমাদের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

‎তিনি বলেন, আপনার সজাগ থাকলে লালমনিরহাটের মাটিতে কোনো জুয়াড়ি, মাদক কারবারি বা অনলাইন বেটিং সিন্ডিকেটের কোনো জায়গা হবে না। প্রশাসন এবং সচেতন জনগণকে সাথে নিয়ে এই অপশক্তিকে সমূলে উৎপাটন করা সম্ভব।

‎অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে মাদকমুক্ত ও আলোকিত সমাজ গড়ার আহ্বানে শহরের রাজপথে এক বিশাল শোভাযাত্রা বের হয়। সর্বস্তরের মানুষের লাল পোশাকে অংশগ্রহণে মুখরিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলার প্রাণকেন্দ্র মিশন মোড়ে গিয়ে এটি শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের বিভিন্ন স্লোগান দেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হাসান, এমপি।

‎আলোকিত লালমনিরহাটের স্বপ্ন দ্রষ্টা অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি বলেন, ২০০৩ সালে যে স্বপ্নের বীজ বপন করা হয়েছিল, আজকের এই আন্দোলনের মাধ্যমে তা একটি সফল সামাজিক বিপ্লবে রূপ নিচ্ছে।

‎লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

‎‎​বক্তারা চরাঞ্চলে বাল্যবিবাহ ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠনের ওপর জোর দেন। একটি অন্ধকারমুক্ত ও আলোকিত লালমনিরহাট গড়ার অঙ্গীকার নিয়েই এই কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com