শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

লতিফ সিদ্দিকীর দুর্নীতির মামলা স্থগিতের আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক::

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বগুড়ায় দায়ের করা দুর্নীতির মামলা স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি শহিদুল হক। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।

লতিফ সিদ্দিকীর আবেদনের শুনানি নিয়ে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।

এ মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় এ মামলা দায়ের করেন। পাটকলের আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com