বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: চলতি মৌসুমে ডিসেম্বর মাসের শীতলতম দিন দেখলো চীনের রাজধানী বেইজিং। শহরটিতে এ মাসের গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের এর নিচে ছিল, যা গত ৭২ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে।
রবিবার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
১৯৫১ সালে দেশটিতে তাপমাত্রা রেকর্ড শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত ডিসেম্বরের শীতের সব রেকর্ড ভেঙে ফেললো চলতি বছরের ডিসেম্বর মাস।
এই শীতের মৌসুমে ইতোমধ্যেই বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ দেখেছে চীন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, চলতি বছর তাপমাত্রায় আমূল পরির্বতন দেখেছে বেইজিং। ছয় মাস আগে শহরটিতে জুনের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছিল। সেসময় শহরটির তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠেছিল।
একইসঙ্গে উত্তর জাপানের কিছু অংশে ব্যাপক তুষারপাত দেখা গেছে এবং দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা হিমাঙ্কের নিচে যাওয়ায় তীব্র শীতের সঙ্গে লড়ছেন বাসিন্দারা।
তবে উত্তর কোরিয়ায় বাসিন্দারা কীভাবে এই শীতের মোকাবিলা করছেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।