মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাভারের বহুল আলোচিত রানা প্লাজা মালিক সোহেল রানার মা মর্জিনা বেগমের ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রায়ে অবৈধভাবে অর্জিত মর্জিনা বেগমের মালিকানাধীন বাড়ির (যার নম্বর ৬৯/১, বাজার রোড, সাভার) এক-তৃতীয়াংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পৃথক দুটি ধারায় তিন বছর করে মোট ৬ বছর কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মর্জিনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, মর্জিনা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৩ সালের ৭ মার্চ টিম গঠন করে অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তাকে ওই বছরের ২২ মে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মর্জিনা বেগম ওই বছরের ২১ নভেম্বর কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণীতে তিনি স্থাবর-অস্থাবর মোট ৪ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭৬৮ টাকা উল্লেখ করেন। সম্পদ বিবরণীতে আবাসিক বাড়ির এক-তৃতীয়াংশ নির্মাণ ব্যয় বাবদ গোপনকৃত ৪২ লাখ ২০ হাজার ৪৪৮ টাকা এবং সাভার রানা প্লাজা ভবনের ৪০ শতাংশ অংশে নির্মাণ ব্যয় বাবদ গোপনকৃত ৬ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৪২ টাকাসহ মোট ৬ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৯০০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। কমিশনের সম্পদ বিবরণীতে ওই তথ্য গোপন করে তা ভোগদখলে রাখার অপরাধে ২০১৫ সালের ১২ এপ্রিল এ মামলাটি দায়ের করে দুদক। দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।