মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

মোবাইলে কথা বলতে নিষেধ করায় অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:: মোবাইলে কথা বলতে নিষেধ করায় মায়ের সাথে অভিমান করে স্বপ্না আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে ঢাকার দোহার উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না আক্তার প্রবাসী মো: শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। নিহত স্বপ্না ওই এলাকার একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া, মোবাইলে কথা বলা নিয়ে এবং পড়ালেখার বিষয়ে স্বপ্নার সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। সোমবার রাতে মা তাঁকে মোবাইলে কথা নিয়ে মেয়েকে শাসন করে। এরই জেরে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় নিজ ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় স্বপ্না। ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতাল গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com