মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, যুবদলের প্রতিরোধ সমাবেশ ও ছাত্রদলের মোটরসাইকেল মহড়া

নিজস্ব প্রতিনিধি:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নাশকতামূলক কাজের প্রতিবাদে এবং ফ্যাসিবাদ প্রতিরোধে ঢাকার নবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ করেছে। এছাড়া ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা করে মহড়া দিয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা সদর শহীদ মিনারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। তবে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোহার ও নবাবগঞ্জে আওয়ামী লীগ তাঁদের সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

ঢাকা জেলা যুবদলের সহসভাপতি তপন মোল্লা ও নবাবগঞ্জ উপজেলার সভাপতি পবন মাহমুদের নেতৃত্বে আওয়ামী বিরোধী এ সমাবেশ করে নেতাকর্মীরা। নবাবগঞ্জ শহীদ মিনারে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসর সংগঠন যাতে বাংলার বুকে আর কোনো কর্মকান্ড করতে না পারে সেই বিষয়ে শান্তি প্রিয় মানুষদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিগত সরকারের ১৫ বছরে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা রাজনীতিকে ধ্বংস করেছে। তারা একদলীয় শাসন কায়েম করে মানুষকে গুম খুন ও হত্যা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১৭ বছর দেশান্তর করে রাখা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এসবের বিচার মানুষ দেখতে চায়।

বক্তারা আরো বলেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশকে ঘোলাটে করতে নানা তালবাহানা করছে। জনগণ তাদেরও চিনে। ৭১ সালে তাদের কি ভূমিকা ছিলো সেটাও মানুষ জানে। তাই বিএনপির বিরুদ্ধে গুপ্ত বাহিনীর অপপ্রচার জনগণ মেনে নিবে না।

এদিকে সকালে ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল নিরবের নেতৃত্বে একটি মটরসাইকেল মিছিল বিভিন্ন সড়কে মহড়া দেয়। এসময় তারা যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাঁদেরকে প্রতিহত করার ঘোষনা দেয়।

অপরদিকে, দোহার উপজেলায় বিএনপি যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করে। তারা বিএনপির বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধসহ নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথে মিছিল মিটিং প্রতিহত করার আহবান জানায়। এসময় নেতারা বলেন, দোহার নবাবগঞ্জ শান্তির নীড় এখানে গুপ্তবাহিনী নামে একটি চক্র ফেইক আউডি খুলে মিথ্যা ও অরুচিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে। জাতীয়তাবাদী শক্তি জেগে উঠলে পালানোর পথ পাবেন না। ঢাকা-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের ইমেজ ক্ষুন্ন করতে চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। এসময় কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com