শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

রাজধানীতে দীপু হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক::

রাজধানীর মিরপুরে কামাল পাশা ওরফে দীপু নামে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এই রায় ঘোষণা দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার আলমগীর হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- নাছিম, আব্দুল মালেক, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন, জোহরা হক, ইয়াছিন, আবুল হাসেম, দুলাল ড্রাইভার ও সেলিম।

রায় ঘোষণার সময় আসামি নাছিম আদালতে উপস্থিত ছিলো। বাকি ৮ জন পলাতক।

মামলার এজাহারে বলা হয়েছে, কামাল পাশা ওরফে দীপু ডিশ ব্যবসা করতেন। ডিশ ব্যবসাকে কেন্দ্র করে তার সঙ্গে আসামিদের দ্বন্দ্ব হয়। এছাড়া, দীপু মিরপুরের সন্ত্রাসবিরোধী সংগঠনের সদস্য ছিলেন। আসামিরা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করায় তাদের এলাকা থেকে ছাড়তে বাধ্য করেন দীপু। এরই জের ধরে তাকে ১৯৯৬ সালের ১৩ জানুয়ারি মিরপুরের মাজার রোডে চাকু মেরে হত্যা করে আসামিরা। এ ঘটনায় দীপুর বাবা বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরেই ১০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মদ নাছিরউদ্দিন। এরপর ২০০৫ সালের ১৫ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com