সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি নিহত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার পরিবার।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

পরিবারের বরাতে জানা গেছে, স্থানীয় পুলিশ ফোন করে বৃষ্টির মৃত্যুর খবর জানায়। তারা জানায়, একটি বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া দেহাবশেষের সঙ্গে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

নিহত নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় নিয়োজিত ছিলেন।

এর আগে একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি নিহত জামিল লিমনের রুমমেট ছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন।

ঘটনায় গভীর শোক নেমে এসেছে দুই শিক্ষার্থীর পরিবারে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com