শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ভাইজান আসছে বাংলাদেশে!

বিনোদন ডেস্ক:: ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ এর প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ভাইজান এলো রে’। ছবিটি ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি দেওয়ার কথা ছিল প্রযোজনা প্রতিষ্ঠানের।

কিন্তু এবছরে বিদেশি সিনেমার ক্ষেত্রে বাংলাদেশের উচ্চ আদালত সিদ্ধান্ত গ্রহণ করে কোনও উৎসবে বিদেশী সিনেমা প্রদর্শন করা যাবে না। আর তাতেই আটকে যায় ‘ভাইজান এলো রে’ সিনেমাটি। সিনেমাটি কলকাতায় মুক্তি পেলেও ঢাকার দর্শকেরা ছবিটি দেখার সুযোগ হারান সে সময়। তবে সবকিছু ঠিক থাকলে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

ইতিমধ্যে ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে প্রদর্শন করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহীন আরা বেগম।

তিনি জানান, গত মে মাসের ২৮ তারিখে বিনিময়ের আবেদন জমা পড়ে। কিন্তু উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক উৎসবে ছবিটি বিদেশী ছবি হওয়ায় প্রদর্শনের অনুমতি পায় নি। তবে উৎসব পরবর্তী সময়ে প্রদর্শনের জন্য অনুমতি পেয়েছে ২১ জুন বৃহস্পতিবার।

ঢাকার এন ইউ ট্রেডার্স ছবিটি আমদানি করে মুক্তি দিচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটি ‘চালবাজ’ ছবিটিও আমদানী করেছিলো।

এন ইউ ট্রেডার্সের মালিক কামাল মোহাম্মদ কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি। এখনো চিঠি পাইনি। চিঠি পেলেই আনুষ্ঠানিকভাবে ভাইজানের মুক্তির তারিখ জানাবো।

‘ভাইজান এলো রে’ ছবিটি নির্মাণ করেছেন কলকাতার জয়দীপ মুখার্জী। এতে অভিনয় করেছেন শাকিব খান,শ্রাবন্তী, পায়েল, দীপা খন্দকার, মনিরা মিঠু,শাহেদ আলী ও রজতাভ দত্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com