শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ভক্তদের জন্য নায়িকার ৫০ শতাংশ ছাড়!

বিনোদন প্রতিবেদক:: আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন মারজান জেনিফা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। এবার ‘মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন’ নামের পার্লার চালু করেছেন সৌন্দর্য সচেতন এই নায়িকা।

গতকাল (৮ অক্টোবর) বনানীর ১১ নম্বর রোডে পার্লারটির উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রযোজক জুবায়ের, মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, অভিনেতা হারুন রশিদ, অনুভব মাহবুবসহ আরো অনেকে।

মারজান জেনিফা বলেন, ‘ছোট থেকেই আমার স্বপ্ন ছিল একটি মেকওভার স্টুডিও দেবো। ছোটবেলা থেকেই আমার রুমে একটা মেকওভার স্টুডিও ছিল। এরই মধ্যে মেকওভার ওপর তিনটি কোর্স করে তিনটি সার্টিফিকেট অর্জন করেছি। আমি নিজে সাজতে পছন্দ করি এবং অন্যকে সাজাতে পছন্দ করি। যার জন্য এই উদ্যোগটা।’

তিনি আরো বলেন, “ছোটবেলা থেকেই আমার সাজের ব্যাপারে বেশ আগ্রহ রয়েছে। ‘মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন’-এর মাধ্যমে আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এখানে আমার ভক্তদের জন্য ৫০ শতাংশ ছাড় থাকবে। সবার চাহিদা অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা থাকছে।”

‘ফ্যাশন লাউঞ্জ বাই মারজান জেনিফা’সহ একাধিক ব্যবসা পরিচালনা করছেন তিনি। তবে সিনেমার প্রস্তুতিও নিচ্ছেন এই নায়িকা। খুব শিগগির প্রযোজক হিসেবে হাজির হবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ‘মুসাফির-২’ নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন জেনিফা। এই অভিনেত্রীর ভাষায়, “মুসাফির’ নির্মাণের সময়ই আমরা সিক্যুয়েলের পরিকল্পনা জানাই। অনেক আগেই কাজ শুরুর পরিকল্পনা করেছিলাম। মাঝে করোনাভাইরাসের কারণে আগাতে পারিনি। করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হলে সিনেমাটির কাজ শুরু করব। আশা করছি, ২০২২ সালে সিনেমাটি আলোর মুখ দেখবে। মাঝে এই সময়টা নিজেকে প্রস্তুত করব।”

‘মুসাফির’ সিনেমায় শুভ-জেনিফার ছাড়াও অভিনয় করেন মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান, হারুন রশিদ প্রমুখ। আগের সকল শিল্পীই থাকবেন ‘মুসাফির-২’ সিনেমাটিতে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com