বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ : ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। জনগণের ভোটেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ব্যালটেই বিএনপি বিজয়ী হবে। তিনি বলেন, বর্তমান সংকট থেকে দেশকে মুক্ত করতে হলে ব্যালটের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি হবে জনগণের বিজয়ের দিন, গণতন্ত্র পুনরুদ্ধারের দিন।
নারী সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, যারা পরিকল্পিতভাবে নারীদের সম্মানহানি করছে, তাদের বিরুদ্ধে নারী সমাজই রুখে দাঁড়াবে। ভোটের মাধ্যমেই নারীরা তাদের উপযুক্ত জবাব দেবে। তিনি আরও বলেন, নারীরা আর পিছিয়ে নেই। তারা এখন সচেতন, সাহসী এবং ভোটাধিকার প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপতৎপরতা দেশের নারী সমাজ কখনোই মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আমানউল্লাহ আমান আরও বলেন, আগামী নির্বাচন হবে নারী সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। সেই নির্বাচনে ব্যালটের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
গণসংযোগকালে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের মাঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় এলে দেশেই উন্নয়ন ও অগ্রগতি সম্ভব। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।