শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: স্বাস্থ্যের জন্য ক্ষতি করে ব্যাটারিচালিত ইজিবাইক। তাই এমন প্রায় ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয় না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করি।
গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ ৭ জনকে রিটে বিবাদী করা হয়।